১ মে ২০১৬ - ১৬:৪৩

গত শুক্রবার লোকসভায় ইউনিয়ন মন্ত্রী মেনেকা গান্ধী বলেন, ‘২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে বা আত্মহত্যা করেছে ২৫ হাজার নারী।

আবনা ডেস্ক: ভারতের সংবাদ মাধ্যমে ও প্রত্যেকটি রাজ্য কর্তৃপক্ষ পরিচালিত সচেনতা সৃষ্টির পরেও কমছে না যৌতুকের কালো থাবা। মাত্র তিন বছরে যৌতুকের শিকার হয়ে ২৫ হাজার ভারতীয় গৃহবধূর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার লোকসভায় ইউনিয়ন মন্ত্রী মেনেকা গান্ধী বলেন, ‘২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে বা আত্মহত্যা করেছে ২৫ হাজার নারী।’ এ সময়ের মধ্যে যৌতুকের ওপর ৩০ হাজার মামলাও দায়ের হয়েছে বলে তিনি সংসদকে জানান।
ভারতের জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো’র মতে ৮২৩৩, ৮০৮৩ এবং ৮৪৫৫টি যৌতুক বিষয়ে অপমৃত্যুর মামলা নিবন্ধন হয় যথাক্রমে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে। অনুরুপভাবে যৌতুক নিষিদ্ধ আইন ১৯৬১-এর ধারায় ৯০৩৮, ১০৭০৯ এবং ১০০৫০টি মামলা নিবন্ধিত হয় যথাক্রমে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে।
অরুনাচল প্রদেশ, সিকিম, মিজোরাম ও নাগাল্যান্ড ছাড়া যৌতুকর নিরোধের বিষয়ে ভারতের প্রত্যেকটি রাজ্যে যৌতুক নিরোধ কর্মকর্তা নিয়োগ করা রয়েছে। সরকার প্রতিনিয়তই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যৌতুকের বিষয়ে জনগণকে সচেতন করে আসছে, তবে সমাজের প্রচলিত ধারার বাইরে গিয়ে তেমন কেউই যৌতুকের বিষয়ে সোচ্চার হয় না ভারতে। ভারতীয় গণমাধ্যমও যৌতুকের বিরুদ্ধে অনেক ধরণের সচেনতা কার্যক্রম তুলে ধরে জনগণকে সজাগ করার চেষ্টা করে। সাধারণত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যৌতুক বিষয়ক মামলা হয়ে থাকে যেখানে উচ্চবিত্তরা বিষয়টিকে জনসম্মুখে নিয়ে আসতে চান না। সূত্রঃ খালিজ টাইমস